নৌযান শুমারি উপলক্ষে সেমিনার

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ভোলা প্রতিনিধি

ভোলায় নৌযান শুমারি উপলক্ষ্যে জেলা পর্যায়ে নৌ-যান সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়। গতকাল রোববার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ডা. শামীম রহমান। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ভোলা কার্যালয় এই সেমিনার আয়োজন করে।

ইঞ্জিন চালিত নৌ-যান নিয়ে ডেটাবেজ তৈরির লক্ষ্যে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এ নৌ-যান শুমারি-২০২৬। মূলত দেশের নৌ খাতের প্রকৃত চিত্র তুলে ধরা, নৌ-নিরাপত্তা জোরদার এবং জেলে ও নৌ-শ্রমিকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে এ শুমারি হচ্ছে।

দেশের সমুদ্রগামী, উপকূলীয় ও অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী ইঞ্জিনচালিত নৌযানের একটি সমন্বিত ও নির্ভুল তথ্যভাণ্ডার তৈরির লক্ষ্যে আগামী ২০ থেকে ২৯ আগস্ট দেশব্যাপী অনুষ্ঠিত হবে নৌযান শুমারি ২০২৬।

সেমিনারে ‘নৌযান শুমারি ২০২৬’ এর লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যপরিধি নিয়ে মূল প্রবন্ধ ও প্রেজেন্টেশন উপস্থাপনা করেন জেলা পরিসংখ্যানি অফিস, ভোলা এর উপপরিচালক মাকসুদুর রহমান।

সেমিনারে জানানো হয়, ‘নৌযান শুমারি-২০২৬’ -এর মূল উদ্দেশ্য হলো দেশের সমুদ্রগামী ও অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী সব ধরনের নৌযানের সংখ্যা, ধরন ও কাঠামোগত বৈশিষ্ট্য নিয়ে একটি সমন্বিত জাতীয় ডেটাবেজ তৈরি করা। এই তথ্যভাণ্ডার নৌ-নিরাপত্তা নিশ্চিতকরণ, নৌ-

দুর্ঘটনা হ্রাস এবং নৌ-শ্রমিকদের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সেমিনারে প্রধান অতিথি তার বক্তব্যে জেলা প্রশাসক ডা. শামীম রহমান বলেন, শুমারির মাধ্যমে নির্দিষ্ট ব্যক্তি বা জনগোষ্ঠীর প্রয়োজন অনুযায়ী সরকারি সহায়তা নিশ্চিত করা সম্ভব। এই শুমারির মাধ্যমে জেলে ও নৌ-শ্রমিকদের ঝুঁকি, চ্যালেঞ্জ ও বাস্তব পরিস্থিতি চিহ্নিত করা সম্ভব হবে। এর ভিত্তিতে তাদের কল্যাণে কার্যকর পরিকল্পনা ও উন্নয়ন কর্মসূচি নেওয়া যাবে। তাই সকলকে নির্ভয়ে সঠিক তথ্য প্রদান করে দেশের এই গুরুত্বপূর্ণ কাজে সহযোগিতা করার আহ্বান জানান। অনুষ্ঠানে অন্যান্য বক্তারা নৌযানের ডাটাবেজ তৈরির কাজে যেকোনো ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।