বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ফরিদপু প্রতিনিধি

বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ, ফরিদপুরের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। গতকাল রোববার ফরিদপুর সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। তিনি ফিতা কেটে, বেলুন ও পায়রা উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিশকাতুল জান্নাত রাবেয়া, বিভাগীয় বন কর্মকর্তা তরিকুল ইসলাম, রেঞ্জ কর্মকর্তা তাওহীদ হোসেন, মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদ তাবরিজ, সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুণ, শহর বিএনপির সাবেক সভাপতি রেজাউল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রঞ্জন চৌধুরীসহ বিএনপি এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপকভাবে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা নিশ্চিত করারও আহ্বান জানান তারা। পরে অতিথিরা শিক্ষার্থীদের মধ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন। একই সঙ্গে মেলায় অংশ নেওয়া বিভিন্ন স্টল পরিদর্শন করে প্রদর্শিত চারা ও বনজ সম্পদ সম্পর্কে খোঁজখবর নেন এবং স্টল মালিকদের সঙ্গে মতবিনিময় করেন।