মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নোয়াখালী প্রতিনিধি

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু বলেছেন, মাদক একটি সামাজিক ব্যাধি। শুধু আইন প্রয়োগ করে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব নয়। এর বিরুদ্ধে পরিবার, সমাজ, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং সর্বস্তরের মানুষকে নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি গত রোববার বেগমগঞ্জ উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা সভায় উপজেলা নির্বাহী অফিসার কায়েসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এর পরে তিনি কয়েক আহত ও নিহত মুক্তিযোদ্ধা পরিবারকে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন। বরকত উল্যাহ বুলু বলেন, মাদক তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।
তাই আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি করতে হবে। তিনি বলেন, সামাজিক প্রতিরোধ গড়ে উঠলে মাদকের বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব।
তিনি আরও বলেন, যুবসমাজকে খেলাধুলা, শিক্ষা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে পারলে মাদকের ভয়াবহতা থেকে সমাজকে রক্ষা করা সহজ হবে। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বৃতি দিয়ে বলেন, তিনি বলেছেন প্রতিটি ইউনিয়নে মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সামীমা বরকত লাকী, স্থানীয় উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষ্য চন্দ্র দাস, পৌরসভার বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন, শাহ আবদুল্লাহ বাকী, নোয়াখালী সাংবাদিক ফোরাম সভাপতি মানিক ভূঁইয়া, মুক্তি দলের আহ্বায়ক জিন্নাহ মিয়াসহ রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
