বাস-থ্রিহুইলার সংঘর্ষে চালক নিহত, আহত আট
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর কালুখালী উপজেলায় যাত্রীবাহী বাস ও থ্রিহুইলারের (মাহিন্দ্র) মুখোমুখি সংঘর্ষে আব্দুর রহমান বাবলু (৫৫) নামে এক থ্রিহুইলার চালক নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের চারজনসহ অন্তত আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গতকাল সোমবার দুপুর দেড়টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার পাইকার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহমান বাবলু কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের পশ্চিম ফুলকাইনার গ্রামের মৃত সাদেক আলী বিশ্বাসের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে কুষ্টিয়াগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস পাইকার মোড় এলাকায় একটি গাড়িকে অতিক্রম (ওভারটেক) করার সময় বিপরীত দিক থেকে আসা রাজবাড়ীগামী একটি থ্রিহুইলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের তীব্রতায় থ্রিহুইলারটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে।
বাসটির সামনের অংশও ক্ষতিগ্রস্ত হয়ে সড়কের পাশে চলে যায়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক থ্রিহুইলার চালক আব্দুর রহমান বাবলুকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে গুরুতর তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
