ভারত থেকে এলো ১২ ট্রাক কাঁচা মরিচ

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

দেশের বাজারে হু-হু করে বাড়তে থাকা কাঁচা মরিচের দাম স্বাভাবিক রাখতে প্রায় এক বছর পর ভারত থেকে আমদানি শুরু হয়েছে। গতকাল সোমবার বিকাল থেকে সন্ধ্যার মধ্যে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে প্রথম চালানে ১২টি ট্রাকে করে ৩৫ মেট্রিক টন কাঁচা মরিচ দেশে এসেছে। বন্দর পরিচালনকারী প্রতিষ্ঠান পানামা-সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার (অপারেশন) কামাল খান বিষয়টি নিশ্চিত করে জানান, বিকাল থেকে সন্ধ্যার মধ্যে মরিচবোঝাই ১২টি ট্রাক বন্দরে প্রবেশ করে।

জানা গেছে, সাম্প্রতিক সময়ের অতিবৃষ্টি ও বন্যার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে কাঁচা মরিচের ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়। ফলে উৎপাদন কমে গিয়ে দেশের কাঁচাবাজারে কাঁচা মরিচের দাম অসংগতিপূর্ণভাবে বেড়ে যায়। বর্তমানে দেশের বিভিন্ন স্থানে প্রতি কেজি কাঁচা মরিচ ২৮০ টাকা থেকে ৩২০ টাকা পর্যন্ত দরে বিক্রি হচ্ছে। বাজারে এই দাম নিয়ন্ত্রণ করতেই সরকার কাঁচা মরিচ আমদানির সিদ্ধান্ত নেয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেট সবজি বাজারের বিক্রেতা আব্দুল খালেক জানান, সোমবার কাঁচা মরিচ পাইকারি বিক্রি হয়েছে ২৪০ টাকা এবং খুচরা বিক্রি হয়েছে ২৮০ টাকা থেকে ৩০০ টাকা। যা গত এক সপ্তাহ ধরেই অপরিবর্তিত রয়েছে। তবে আমদানি করা মরিচ বাজারে পৌঁছালে দ্রুতই দাম কমে আসবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।

সোনামসজিদ স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক সমীর চন্দ্র ঘোষ বলেন, বাজারে কাঁচা মরিচের সরবরাহ বাড়াতে ও দাম নাগালের মধ্যে রাখতে সরকার আমদানির অনুমতি দিয়েছে। সোনামসজিদ স্থলবন্দর দিয়ে মোট ৭৭টি আমদানিকারক প্রতিষ্ঠানকে ২৮ হাজার ৯৫০ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানির অনুমতি দেওয়া হয়েছে।