দুই মামলার ঘটনাস্থল পরিদর্শন করলেন ফরিদপুরের এসপি
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের সদরপুর ও নগরকান্দা থানায় দায়ের হওয়া দুটি আলোচিত মামলার তদন্তের অগ্রগতি পর্যালোচনা এবং ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনের লক্ষ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী। গত সোমবার তিনি সদরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭/৯(৩) ধারায় দায়ের হওয়া একটি মামলার এবং নগরকান্দা থানায় করা হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তা ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে তদন্তের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় তিনি তদন্তের অগ্রগতি পর্যালোচনা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরে তিনি ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি সমবেদনা প্রকাশ করেন। পাশাপাশি সুষ্ঠু, নিরপেক্ষ ও পেশাদার তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করার আশ্বাস দেন। এ সময় ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামছুল আজম, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মুহম্মদ আল ফাহাদসহ সদরপুর ও নগরকান্দা থানার অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
