১১ দলীয় জোটের বিক্ষোভ
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীতে সারাদেশে অব্যাহত লোডশেডিং, জ্বালানি সংকট ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধসহ জনদুর্ভোগ নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দিয়েছে ১১ দলীয় জোট। গতকাল বৃহস্পতিবার পৌরবাজার এলাকা থেকে জোটের নেতাকর্মীদের উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক (ডিসি) কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরবর্তীতে জেলা প্রশাসক মো. শফিকুল ইসলামের নিকট ১১ দফা দাবি সম্বলিত স্মারকলিপি পেশ করেন ১১ দলীয় জোটের নেতারা। স্মারকলিপি উপস্থাপনকালে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা সেক্রেটারী মাওলানা মো. বোরহান উদ্দিন। তিনি বলেন, “ঘন ঘন লোডশেডিং, তেল, গ্যাস, বিদ্যুৎ ও পানির তীব্র সংকটে সাধারণ মানুষের জীবন আজ অতিষ্ঠ। নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলোর সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে। কৃষক, শ্রমিক, ব্যবসায়ী ও শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণ আজ এর চরম ভুক্তভোগী। স্মারকলিপি প্রদানকালে আরও উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ইসমাইল হোসেন মানিক, শহর আমির মাওলানা মো. ইউছুফ, এলডিপি নোয়াখালী জেলা সভাপতি শাহাবুদ্দিন, এনসিপি জেলা সিনিয়র আহ্বায়ক খালেদুজ্জামান, ইসলামী ছাত্রশিবির নোয়াখালী শহর সভাপতি আব্দুল্লাহ আল মাহবুব, জেলা কর্মপরিষদ সদস্য ডা. বোরহান উদ্দিন, জেলা কর্মপরিষদ সদস্য নাসিমুল গনি মহলসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।
