মাছের খামার থেকে সাবেক পুলিশ সদস্যের লাশ উদ্ধার

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ সদর উপজেলায় একটি মৎস্য খামারে ভাসমান অবস্থায় নাজমুল আলম অনিক (৩৪) নামে সাবেক এক পুলিশ সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার রশিদাবাদ ইউনিয়নের লক্ষ্মীগঞ্জ এলাকায় নিজ মৎস্য খামার থেকে লাশ উদ্ধার করা হয়। নাজমুল আলম অনিক ওই এলাকার সিরাজ মিয়ার ছেলে।

অনিকের স্বজন ও স্থানীয়রা জানায়, প্রায় ১২ বছর আগে পুলিশের চাকরিতে যোগ দেন অনিক মিয়া।

দুই বছর চাকরি করার পর তিনি চাকরি ছেড়ে বাড়িতে ফিরে এসে কৃষিকাজে যুক্ত হন।

পরে দুই-তিন বছর আগে মাছ চাষ শুরু করেন। তারা আরও বলেন, প্রতিদিনের মতো বৃহস্পতিবার দুপুরে তিনি মৎস্য খামারের পাশ থেকে গরুর জন্য ঘাস কাটতে যান। সন্ধ্যা পেরিয়ে রাত হলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খামারে গিয়ে গরুর জন্য কাটা ঘাস এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে আশপাশে খোঁজাখুঁজি করেও তাঁকে না পেয়ে স্থানীয়দের সহযোগিতায় মৎস্য খামারের পুকুরে জাল ফেলে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে পানিতে আধো ডুবে থাকা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ। কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঞা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।