‘হানি ট্র্যাপ’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নারীকে ব্যবহার করে ‘হানি ট্র্যাপ’-এর মাধ্যমে লোকজনকে অপহরণ, মারধর এবং বিকাশ-নগদের মাধ্যমে মুক্তিপণ আদায়ের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন- শীলমান্দি গ্রামের মো. শ্যামল ভূঁইয়া, সুমন ও ইউসুফ। তাদের আদালতে পাঠিয়ে জেলহাজতে রাখার আবেদন করেছে তদন্তকারী কর্মকর্তা। একই সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য পৃথক রিমান্ড আবেদনও করা হয়েছে।পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের শীলমান্দি গ্রামে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মামলার এজাহার ও আদালতে পাঠানো প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৭ জুলাই বাগেরহাটের ফকিরহাট থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার পর এক ব্যবসায়ী নিখোঁজ হন। পরে তিনি নিজেকে আড়াইহাজারের শীলমান্দি গ্রামের একটি প্রাচীরঘেরা টিনশেড ঘরে আটক অবস্থায় দেখতে পান। সেখানে তাঁকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা, মারধর এবং পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।অভিযোগ অনুযায়ী, অপহরণকারীরা ভুক্তভোগীকে দিয়ে তাঁর পরিবারের সদস্যদের কাছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করিয়ে ভয়ভীতি দেখিয়ে বিকাশ ও নগদের মাধ্যমে মোট ৭০ হাজার টাকা আদায় করে। এ ছাড়া তার কাছে থাকা নগদ ২৭ হাজার টাকা, দুটি মোবাইল ফোন, ব্যাংকের ডেবিট কার্ড, এক লাখ টাকার স্বাক্ষর করা চেক, একটি স্বর্ণের আংটি ও একটি হাতঘড়ি ছিনিয়ে নেওয়া হয়। পরে তাকে নির্জন স্থানে ফেলে রেখে অভিযুক্তরা পালিয়ে যায়।পুলিশের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা মামলার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। সেসব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য আপাতত প্রকাশ করা হচ্ছে না। তদন্তকারী কর্মকর্তা এস আই বজলুর রহমান আদালতে দেওয়া আবেদনে উল্লেখ করেন, গ্রেপ্তার ব্যক্তিরাসহ একটি সংঘবদ্ধ চক্র নারীকে ব্যবহার করে ‘হানি ট্র্যাপ’-এর ফাঁদে ফেলে লোকজনকে নির্জন স্থানে নিয়ে অপহরণ করত। পরে মারধর ও ভয়ভীতি দেখিয়ে বিকাশ ও নগদের মাধ্যমে মুক্তিপণ আদায় করত।