গোয়ালের তালা ভেঙে একরাতে সাত গরু চুরি
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার হালুয়াকান্দি গ্রামের ২ কৃষকের গোয়াল ঘরের তালা ভেঙে একরাতে ৭টি গরু চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উক্ত গ্রামের সাবেক সেনাসদস্য কৃষক বজলুর রহমান ও একই গ্রামের গরু ব্যবসায়ী নাসির মন্ডল প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে গোয়াল ঘরে তালা দিয়ে ঘুমিয়ে পড়ে। ওইদিন ভোর রাতে সংঘবদ্ধ চোরেরা ওই দুটি গোয়াল ঘরের তালা ভেঙে ৬টি ষাঁড় ও ১টি গাভী চুরি করে পিকআপ ভ্যানযোগে নিয়ে যায় এবং ওই ২ বাড়ির লোকজন ঘুম ভেঙে দেখতে পায় চোরেরা তাদের গরু পিকআপ ভ্যানে নিয়ে যাচ্ছে। এ সময় চিৎকার করলেও ওই পিকআপ আটকাতে পারেনি তারা। চুরি হওয়া গরু গুলোর আনুমানিক মূল্য প্রায় ১২ লাখ টাকা। এ বিষয়ে কামারখন্দ থানার ওসি হাশমত আলী বলেন, ঘটনার দিন সকালে ওই ২ কৃষকের গোয়ালঘর পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। পুলিশ এর মধ্যেই চুরি যাওয়া গরু উদ্ধারে মাঠে নেমেছে বলে তিনি উল্লেখ করেন।
