গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত ৮ ঘণ্টা পর স্বাভাবিক

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

ঢাকা-ময়মনসিংহ রেলপথের গফরগাঁও স্টেশনে প্রবেশের মুহূর্তে শিবগঞ্জ রেলক্রসিংয়ে সকাল ৯টায় ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত হয়। এতে ৮ ঘণ্টা বন্ধ থাকে ট্রেন চলাচল। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে গফরগাঁও স্টেশনে প্রবেশের আগেই বিকট শব্দে কেঁপে ওঠে ট্রেনটি। এ সময় ইঞ্জিনের পেছনের ৪টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। আকস্মিক এ ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ালেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শুধু রেলপথই নয়, দুর্ঘটনার কারণে গফরগাঁও-শিবগঞ্জ রোডের ভালুকাণ্ডগফরগাঁও সড়ক পথেও যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ফলে দুই রুটেই যাত্রী ও সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন। গফরগাঁও রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার হানিফ আলী জানান, খবর পাওয়ার সাথে সাথেই রেলওয়ের উদ্ধারকারী দল কাজ শুরু করে। বিকাল ৪টায় লাইনচ্যুত চারটি বগিই রিলিফ ট্রেনের মাধ্যমে উদ্ধার করা হয়েছে। এরপর বিকাল ৪টা ৫৫ মিনিটে রেললাইন মেরামতের কাজ শেষ হওয়ার পর ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়। ৮ ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ থাকায় ঢাকা-ময়মনসিংহ রুটের আন্তঃনগর ও কমিউটার ট্রেনগুলোর সময়সূচিতে বড় ধরনের বিপর্যয় দেখা দেয়। রেল কর্তৃপক্ষ যাত্রীদের বিকল্প সড়ক পথ ব্যবহারের পরামর্শ দেয়। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে রেলওয়ের একটি তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন করে।