চোরাই গরু উদ্ধার

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  পাবনা প্রতিনিধি

পাবনায় একটি বাড়ির গোপন কক্ষে (বেজমেন্টে) লুকিয়ে রাখা দুটি চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ। এ সময় শরিফুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি যুবদলের কর্মী বলে জানিয়েছেন স্থানীয়রা। শুক্রবার রাত ৮টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নের কোমরপুর সীমান্ত বাজার এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে চোরাই গরুসহ তাকে আটক করা হয়।আটক শরিফুল ইসলাম কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার চরসাদীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মৃত ইসমাইল গুন্ডির ছেলে।

পুলিশ জানায়, পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নের কোমরপুর সীমান্ত বাজার এলাকার একটি ভবনের বেজমেন্টে চোরাই গরু রাখা হয়েছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। সেখানে একটি গোপন কক্ষ থেকে দুটি গরু উদ্ধার করা হয় এবং শরিফুল ইসলামকে আটক করা হয়।স্থানীয়রা জানান, ওই ভবনটির মালিক শরিফুল ইসলাম। সেখানে একটি কক্ষে যুবদলের ব্যানার ব্যবহার করে কার্যালয় হিসেবে পরিচয় দেওয়া হতো। ভবনের বেজমেন্টে তৈরি করা একটি গোপন কক্ষে চোরাই গরু রাখা হতো।আটক হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শরিফুল ইসলামের পাবনা জেলা যুবদল ও বিএনপির বিভিন্ন নেতার সঙ্গে তোলা বেশ কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে।