আন্তর্জাতিক আদিবাসী দিবসের আলোচনা
প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি
আমাদের ভূমি,আমাদের অধিকার আদিবাসী জীবন ও ঐতিহ্য রক্ষায় এগিয়ে আসুন’এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর কুয়াকাটায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। গতকাল রোববার কুয়াকাটার গোড়া আমখোলা পাড়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের আয়োজনে রাখাইন কমিউনিটি সেন্টারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে একটি র্যালি বের করা হয়। র্যালিটি আলীপুর-গোড়া আমখোলা পাড়া সড়ক হয়ে বিজয় রামা বৌদ্ধ বিহার ও রাখাইন পাড়া প্রদক্ষিণ করে রাখাইন কমিউনিটি সেন্টারে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পটুয়াখালী রাখাইন বুদ্ধিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি এমং তালুকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন প্রাণ ও প্রকৃতির গবেষক পাভেল পার্থ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আনু, কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাজী সাঈদ, কারিতাসের প্রকল্প সমন্বয়কারী জামাল হোসেন, রাখাইন বুদ্ধিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক অংকোছান, সদস্য মেথুস এবং টোয়াকের সেক্রেটারি জেনারেল ও কুয়াকাটা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক, সমকালের প্রতিনিধি আসাদুজ্জামান মিরাজ। শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় সদস্য মংম্যা।
অনুষ্ঠানে কুয়াকাটার বিভিন্ন রাখাইন পাড়ার শতাধিক নারী-পুরুষ অংশ নেন। আলোচনা সভায় বক্তারা বলেন, রাখাইন জনগোষ্ঠীর ভূমি অধিকার, সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য এবং জীবনযাত্রা রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। দীর্ঘদিন ধরে বসবাস করে আসা এই জনগোষ্ঠী বর্তমানে নানা সংকটের মুখোমুখি। নিজেদের ভূমিতেই তারা অধিকার ও অস্তিত্বের সংকটে পড়েছেন। বক্তারা আরও বলেন, রাখাইন জনগোষ্ঠীর ইতিহাস-ঐতিহ্য, সংস্কৃতি ও নাগরিক অধিকার রক্ষায় কার্যকর উদ্যোগ প্রয়োজন। সময়মতো প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া না হলে এই সম্প্রদায়ের ঐতিহ্য ও সংস্কৃতি হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
