চলনবিলে অবৈধ জালে ব্যাহত হচ্ছে মাছের প্রজনন

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চাটমোহর (পাবনা) প্রতিনিধি

মৎস্যভান্ডার খ্যাত পাবনার চাটমোহরসহ চলনবিলে অবৈধভাবে পাঁতা হয়েছে শতশত চায়না দুয়ারি ও কারেন্ট জাল। এতে করে যেমন মা ও পোনা মাছসহ দেশি প্রজাতির মাছ ছেঁকে তোলা হচ্ছে, ব্যাহত হচ্ছে মাছের প্রজনন। অপরদিকে পানি সরবরাহে প্রতিবন্ধকতার সৃষ্টি হওয়ায় ক্ষতির মুখে পড়ছে ফসলি জমি। পুরো চলনবিল এখন চায়না দুয়ারি জালের দখলে। চাটমোহর উপজেলার ডিকসি বিল, বিলকুড়ালিয়া, বগাবিল, খলিশাগাড়ি বিল, আফরার বিলসহ নিমাইচড়া, হান্ডিয়াল, ছাইকোলা, ডিবিগ্রাম, বিলচলন ইউনিয়নের বিভিন্ন বিল, জলাশয়ে খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিটি বিল, জলাশয়ে শতশত চায়না দুয়ারি ও কারেন্ট জাল পেঁতে মাছ ধরা হচ্ছে। মাছের প্রজনন মৌসুমে দেদারছে মা মাছ নিধন করায় দেশি মাছের উৎপাদন হুমকির মুখে পড়েছে।

একইসঙ্গে বিলের জলজ উদ্ভিদ ও জীববৈচিত্র্য বিনষ্ট হচ্ছে। চাটমোহর বোয়ালমারী গ্রামের কৃষক ইসমাঈল হোসেন, ধানকুনিয়া গ্রামের মোকছেদ আলীসহ অন্যান্যরা অভিযোগ করেন, চায়না দুয়ারি জালের অবাধ ব্যবহারের কারণে বিভিন্ন বিলে পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে। ক্ষতির মুখে পড়েছে ফসল।

এ অঞ্চলে প্রতিদিন চায়না দুয়ারি জালের মাধ্যমে প্রচুর পরিমাণ দেশি প্রজাতির মাছ নিধন করা হচ্ছে। স্বল্প পানি থেকে শুরু করে গভীর পানিতেও পেঁতে রাখা হচ্ছে এই জাল। ফলে মাছ শুন্য হয়ে পড়ছে চাটমোহরসহ চলনবিল অঞ্চল। এ ব্যাপারে চাটমোহরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন বলেন, এরইমধ্যে মোবাইল কোর্ট পরিচালনা শুরু করেছি।

মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে বিভিন্ন এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাইল কোর্ট পরিচালনা করেছেন, দেড় লক্ষাধিক টাকার চায়না দুয়ারি জাল জব্দ করে প্রকাশ্যে পোড়ানো হয়েছে। চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।