চাঁপাইনবাবগঞ্জে আদালতে ভাঙচুরের ঘটনায় মামলা
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে যুগ্ম জেলা জজ আদালতের এজলাস ও বিচারকের খাস কামরায় ভাঙচুরের ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। গত সোমবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলাটি করেন যুগ্ম জেলা জজ আদালতের বেঞ্চ সহকারী (পেশকার) শহীদুল ইসলাম।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন বলেন, মামলায় অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করা হয়েছে। পুলিশ মামলাটি রেকর্ড করে আসামিদের শনাক্ত করতে কাজ শুরু করেছে।
উল্লেখ্য, গত রোববার দুপুরে একটি মামলায় হাজিরা দিতে গিয়ে আদালত চত্বরে বিক্ষোভ করে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় আদালতের এজলাস ও বিচারকের খাস কামরার দরজা ও জানালার কাঁচ ভাঙচুর করা হয়। স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের দাবি- মামলার শুনানি চলাকালে যুগ্ম জেলা জজ মো. উজ্জ্বল মাহমুদ বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করেন। এর পরিপ্রেক্ষিতে নেতাকর্মীরা তার বিরুদ্ধে বিক্ষোভ করে। কিন্তু নেতাকর্মীরা আদালতে ভাঙচুর চালায়নি।
