পরীক্ষার্থী ৯ জন অকৃতকার্য আট

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চারঘাট (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের খড়েরবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে ১০ জন শিক্ষক ও ৪ জন কর্মচারী থাকলেও এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন মাত্র ৯ জন শিক্ষার্থী। তাদের মধ্যে পাস করেছে মাত্র ১ জন। বাকি ৮ জন শিক্ষার্থীই অকৃতকার্য হয়েছেন। একমাত্র উত্তীর্ণ শিক্ষার্থীর ফলাফল জিপিএ-২.৫০।

বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০১০ সালে এমপিওভুক্ত হওয়া খড়েরবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে বর্তমানে ১০ জন শিক্ষক ও ৪ জন কর্মচারী রয়েছেন।

চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের ব্যাচে শিক্ষার্থী ছিল মোট ১৮ জন। কিন্তু নবম শ্রেণি থেকে দশম শ্রেণিতে ওঠার পর ৯ জন শিক্ষার্থী বিদ্যালয়ে আসা বন্ধ করে দেয়। শেষ পর্যন্ত পরীক্ষায় অংশ নেয় মাত্র ৯ জন। এ বিষয়ে প্রধান শিক্ষক হোসনে আরা খাতুন এর সাথে কথা হলে তিনি বলেন, ১৮ জন শিক্ষার্থীর মধ্যে ৯ জন বাল্যবিয়ের কারণে পড়াশোনা বন্ধ করে দিয়েছে।

পরীক্ষায় অংশ নেওয়া ৯ জনের মধ্যেও ৫ জন বিবাহিত। তাঁর ভাষ্য, বিদ্যালয়ের অন্যান্য শ্রেণিতেও একই ধরনের সমস্যা রয়েছে। কম বয়সে বাল্যবিবাহের কারণে শিক্ষার্থীদের পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে। আর এ কারণেই ফলাফল খারাপ হয়েছে।

খড়েরবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের এমন ফলাফল নিয়ে উপজেলা শিক্ষা প্রশাসনের নজর পড়েছে। চারঘাট উপজেলা একাডেমিক সুপারভাইজার রাহেদুল ইসলাম বলেন, খড়েরবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের ফলাফল সবচেয়ে খারাপ হয়েছে। বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি। তদন্ত শেষে এ বিষয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।