কাউখালীতে দাখিল ও ভোকেশনালে ফল বিপর্যয়
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের কাউখালীতে ২০২৬ সালের দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফলে দেখা দিয়েছে চরম হতাশাজনক চিত্র। দাখিল পরীক্ষায় উপজেলার ১২টি মাদ্রাসা থেকে ২৮৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে মাত্র ১৩০ জন। পাসের হার ৪৫ দশমিক ৭৭ শতাংশ। অন্যদিকে, ভোকেশনাল পরীক্ষায় ১৪৫ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৭২ জন, পাসের হার ৪৯ দশমিক ৬৫ শতাংশ। উপজেলার কয়েকটি মাদ্রাসার ফলাফল আরও উদ্বেগজনক। পঞ্চগ্রাম দাখিল মাদ্রাসায় ২১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে মাত্র ৩ জন। পাসের হার ১৪ শতাংশ। বেতকা মাহমুদিয়া দাখিল মাদ্রাসায় ২৩ জনের মধ্যে পাস করেছে ৬ জন, সপ্তগ্রাম দাখিল মাদ্রাসায় ১২ জনের মধ্যে ২ জন, বিজয়নগর আলিম মাদ্রাসায় ১০ জনের মধ্যে ৬ জন, শাপলেজা দাখিল মাদ্রাসায় ৭ জনের মধ্যে ৪ জন এবং কাউখালী কেন্দ্রীয় ফাজিল মাদ্রাসায় ২৩ জনের মধ্যে মাত্র ৮ জন উত্তীর্ণ হয়েছে। এমন ফলাফলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান বলেন, ফলাফল বিপর্যয়ের কারণ অনুসন্ধানে প্রতিষ্ঠানভিত্তিক পর্যালোচনার উদ্যোগ নেওয়া হয়েছে।
