মুকসুদপুরে মাদ্রাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুরে সুগম কওমি মাদ্রাসার জানালার সাথে গলায় গামছা পেঁচানো হুসাইন কাজী (১২) নামের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। হুসেইন কাজী উপজেলার বহুগ্রাম ইউনিয়নের বলনারায়ন গ্রামের পলাশ কাজীর ছেলে। সে শুভম কওমি মাদ্রাসার আবাসিক ছাত্র। গত মঙ্গলবার বিকালে উপজেলার পশ্চিম গোপীনাথপুর সুগম কওমি মাদ্রাসায় এ ঘটনা ঘটে। মাদ্রাসা সূত্রে জানাযায়, আছর নামাজ পড়ে সকল ছাত্ররা বাহিরে খেলাধুলা করে। মাদ্রাসা শিক্ষকরা বাইরে ঘুরাঘুরি করে। এসময় হুসাইন ২য় তালার ৬নং কক্ষের দরজা ভিতর থেকে আটকে দিয়ে জানালার সাথে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এসময় একজন ছাত্রের অভিভাবক তার বাচ্চার কাপড় নিতে গিয়ে দরজা ভিতর থেকে আটকে রাখা দেখে জানালা দিয়ে উঁকি দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় হুসাইনকে দেখে চিৎকার দিলে মাদ্রাসার লোকজন আসে। পরবর্তীতে মুকসুদপুর ফায়ার সার্ভিস জানালার গ্রীল কেটে ভিতরে ঢুকে হুসাইনের লাশ উদ্ধার করে। মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, লাশ উদ্ধার করে গোপালগঞ্জ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।