৪৫ বছর বয়সে এসএসসি পাস করলেন কাঠমিস্ত্রি নাসিমুল

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

২০০২ সালে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর সংসারের চাপে থমকে গিয়েছিল পড়াশোনা। তবে দমে যাননি চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের নাসিমুল হক। দীর্ঘ ২৪ বছর পর, ৪৫ বছর বয়সে এসে পূরণ করলেন তার সেই অধরা স্বপ্ন। ২০২৬ সালের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় রাজশাহী কমার্স কলেজ থেকে অংশ নিয়ে জিপিএ ৪.৬২ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন তিনি। নাসিমুল হক ভোলাহাট উপজেলার গোহালবাড়ি ইউনিয়নের তিলোকী গ্রামের বাসিন্দা। পেশায় একজন কাঠমিস্ত্রি। পাশাপাশি তিনি ভোলাহাট উপজেলা ফার্নিচার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকসহ একাধিক শ্রমিক সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, নাসিমুল ২০০২ সালে ভোলাহাটের বাচ্চা মারী উচ্চ বিদ্যালয় থেকে প্রথমবারের মতো এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। কিন্তু সেবার অকৃতকার্য হওয়ার পর সংসারের হাল ধরতে গিয়ে কাঠমিস্ত্রি হিসেবে কাজ শুরু করতে হয় তাকে। ফলে পড়াশোনা আর এগোয়নি।

দীর্ঘদিন কাঠের নকশা ও পেশাগত কাজে ডুবে থাকলেও প্রাতিষ্ঠানিক একটি সনদ অর্জনের আকাঙ্ক্ষা সুপ্ত ছিল তার মনে। পরবর্তীতে ঝরে পড়া শিক্ষার্থীদের শিক্ষায় সহায়তাকারী চাঁপাইনবাবগঞ্জের দাতব্য প্রতিষ্ঠান ‘মেধাবিকাশ শিক্ষা ও স্বাস্থ্য পরিবার’-এর কার্যালয়ে যোগাযোগ করেন তিনি। সংস্থাটির সহায়তায় ও শিক্ষক মাসুদের পরামর্শে তিনি কারিগরি বোর্ডের অধীনে রাজশাহী কমার্স কলেজের ভোকেশনাল শাখায় ভর্তি হন। তিন সন্তানের জনক নাসিমুল সারাদিনের শারীরিক পরিশ্রম সামলে রাতে নিয়মিত বই-খাতা নিয়ে বসতেন। এমনকি ব্যস্ততার মধ্যেও নিয়মিত অনলাইনে ক্লাসে অংশ নিতেন। নিজের অনুভূতি ব্যক্ত করে নাসিমুল বলেন, ‘২০০২ সালে ফেল করার পর পড়ালেখা বন্ধ হলেও মনে একটি প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট অর্জনের ইচ্ছা ছিল। সারাদিন কাঠের কাজ সামলে রাতে পড়াশোনা করা সহজ ছিল না। কিন্তু ইচ্ছা থাকলে যে বয়স কোনো বাধা হতে পারে না, তা আজ প্রমাণ হলো।