জাতীয় জুট মিলস পুনরায় চালুর উদ্যোগে উৎসাহ আমেজের সৃষ্টি
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে জাতীয় জুট মিলস লিমিটেড পুনঃরায় চালুর উদ্যোগে শ্রমিক কর্মচারীদের মধ্যে উৎসাহ আমেজের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে রাষ্ট্রায়ত্ত এ মিল প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এতে বেকার হয়ে পড়েন শ্রমিক কর্মচারীরা। বর্তমান সরকারের এ পদক্ষেপে সিরাজগঞ্জবাসীর মধ্যে আলোচনা উঠেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩টি পাটকল বেসরকারি ব্যবস্থাপনায় পুনঃরায় চালুর লক্ষ্যে এরইমধ্যে বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের (বিজেএমসি) সঙ্গে প্রাণ-আরএফএল গ্রুপ ও হ্যামকো গ্রুপের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তি অনুযায়ী সিরাজগঞ্জের জাতীয় জুট মিলস লিঃ ও খুলনার স্টার জুট মিলস লিমিটেড ইজারা পেয়েছে প্রাণ-আরএফএল গ্রুপ।
এছাড়া খুলনার প্লাটিনাম জুবিলী জুট মিলস ইজারা পেয়েছে হ্যামকো গ্রুপ। সিরাজগঞ্জের জাতীয় জুট মিলস লিমিটেডে প্রায় ১৫৭ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা রয়েছে এবং এ মিল পুনরায় পূর্ণাঙ্গভাবে চালু হলে ৫ হাজারের বেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। সেইসাথে সম্ভাব্য বার্ষিক টার্নওভার হতে পারে প্রায় ৫০০ কোটি টাকা। এ মিল পুঃনরায় উৎপাদনে ফেরার প্রক্রিয়ায় এ জেলায় ব্যবসা বাণিজ্যিক অঙ্গনে নতুন গতি ফিরবে এবং স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বিশিষ্টজনেরা এ অভিমত ব্যক্ত করেন। স্থানীয় শ্রমিক নেতা আব্দুর রহিমসহ অনেকেই বলছেন, জাতীয় জুট মিল চালু হবে এ সংবাদে আমরা আনন্দিত। এ মিল দীর্ঘদিন বন্ধ থাকায় শ্রমিক কর্মচারীরা বেকার হয়ে পড়েছে। এ জুট মিল চালুর উদ্যোগে মিলপাড়ায় আমেজের সৃষ্টি হয়েছে। এ মিলের শ্রমিকদের বকেয়া পাওনা না দিয়েই বিদায় দেয়া হয়েছিল। সরকারের এ উদ্যোগে পুনঃরায় মিল চালু হলে এ অঞ্চলের বেকারত্ব দূর হবে।
এ বিষয়ে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু আলোকিত বাংলাদেশকে বলেন, জাতীয় জুট মিলস দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। বর্তমান সরকার পুনঃরায় এ মিল চালুর উদ্যোগ নিয়েছে। এ মিল চালু হলে পরিবহন, ব্যবসা-বাণিজ্য ও বিভিন্ন সহায়ক খাতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে। এতে সিরাজগঞ্জের অর্থনীতি আরো এক ধাপ এগিয়ে যাবে। তিনি সরকারের এ উদ্যোগ দ্রুত বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেছেন।
