যমুনায় বেপরোয়া চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার যমুনা নদীতে বেপরোয়া চাঁদাবাজি, অপহরণ ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের দাবিতে মানববন্ধন করেছে তিন উপজেলার ২৭ গ্রামের মানুষ। গতকাল শুক্রবার সকালে নৌযান মালিক-কর্মচারীসহ সহস্রাধিক নারী-পুরুষ ওই উপজেলার চরাঞ্চলের ক্ষিদ্রচাঁপিয়া এলাকায় এ মানববন্ধন করা হয়। এ মানববন্ধনে শ্রমিক নেতা আবু সাঈদের সভাপতিত্বে নৌযান মালিক কর্মচারীর পক্ষে বক্তব্য রাখেন, ইউসুফ মোল্লা, কছির উদ্দিন, সুমন, বক্কার মোল্লা প্রমূখ। বক্তারা বলেন, যমুনা নদী এলাকর ত্রাস খ্যাত সন্ত্রাসী জনৈক সালাম ও তার সহযোগী রুবেল, কাওছার আলম, মাসুদ ও হাবিব গং সন্ধ্যার পর যমুনা নদীর বিভিন্ন স্থানে ইঞ্জিন চালিত নৌকা নিয়ে সশস্ত্র মহড়া দেয় দীর্ঘদিন ধরে। বিশেষ করে সিরাজগঞ্জ-ঢাকা নৌ রুটে তারা সব ধরনের বাল্কহেড, ছোটবড় নৌকাসহ বিভিন্ন নৌযান থেকে বেপরোয়া চাঁদাবাজি করে আসছে এবং তাদের দাবিকৃত চাঁদা না দিলে নৌযান শ্রমিক-কর্মচারীদের বেদম মারধর করা হয়। এ সন্ত্রাসী বাহিনীর অত্যাচার থেকে রক্ষা পেতে মানববন্ধন করেছে নৌযান মালিক ও কর্মচারীরা। যমুনা নদীর বিভিন্ন রুটে নৌপথ নিরাপদ করতে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন এবং সেইসঙ্গে বেশ কিছু দাবিও উত্থাপন করা হয়েছে। এ মানববন্ধনে সিরাজগঞ্জের বেলকুচি, চৌহালী ও টাঙ্গাইল সদর উপজেলার ২৭ গ্রামের মালিক শ্রমিক কর্মচারীসহ বহু নারী-পুরুষ অংশগ্রহণ করেন।