মাদ্রাসার পাশে ককটেল বিস্ফোরণ, পাঁচ শিক্ষার্থী আহত
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের কালকিনি পৌর এলাকার একটি মহিলা মাদ্রাসার পাশে ককটেল বিস্ফোরণে পাঁচ শিশু শিক্ষার্থী আহত হয়েছে।
গতকাল শনিবার সকালে গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসার পাশে ইমন সরদারের বসতঘরের সামনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানান কালকিনি থানার ওসি জহিরুল আলম বলেন। এতে মাদ্রাসার শিক্ষার্থী মিনহা (১০), জান্নাত (৯), মাইমুনা (৯) ও আবিদা (৮) আহত হয়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সকালে মাদ্রাসায় আসে শিক্ষার্থীরা। মাদ্রাসার ভেতরে নিচতলায় একটি ঘরের সামনে হঠাৎ একটি ককটেল বিস্ফোরণ হয়। বিস্ফোরণের প্রকট শব্দে কেঁপে ওঠে আশপাশের এলাকা। এতে মাদ্রাসার পাঁচ শিক্ষার্থী আহত হন। ঘটনার পর দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয় লোকজন।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে কালকিনি থানা-পুলিশ। মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে আবাসিক চিকিৎসা কর্মকর্তা অখিল সরকার জানান, এ ঘটনায় আহত কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক। তার হাতে ও পায়ে গুরুতর জখম হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো কয়েছে। বাকিদের হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। যে ঘরের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, ওই ঘরে থাকেন ইমন সরদার নামের এক ব্যক্তি। তিনি বলেন, আমার ঘরের সামনে কীভাবে বোমা বিস্ফোরণ হলো, আমি জানি না। ঘটনা অনুসন্ধানে ইতোমধ্যে পুলিশ কাজ শুরু করেছে বলে জানান কালকিনি থানার ওসি জহিরুল আলম।
