মেয়াদোত্তীর্ণ শিশু পণ্য বিক্রি করায় জেল-জরিমানা

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে মেয়াদোত্তীর্ণ শিশু পণ্য বিক্রি ও বিভিন্ন ধরনের মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের দায়ে আইয়ুব হিলটপ সুপার মার্কেট নামে একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা এবং প্রতিষ্ঠানের ম্যানেজার ওলিউর রহমানকে (৫৮) ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ মালামাল জব্দ করা হয়।

গতকাল রোববার বিকালে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পায়রা চৌধুরীর নেতৃত্বে আইয়ুব হিলটপ সুপার মার্কেটে অভিযান পরিচালনা করে এ দণ্ড দেওয়া হয়।

অভিযানে সহযোগিতা করেন, জেলা সেনিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য কুমার প্রামানিকসহ সদর থানা পুলিশের একটি টিম। দণ্ডপ্রাপ্ত ওলিউর রহমান সদর উপজেলার বানিবহ ইউনিয়নের বার্থা গ্রামের আব্দুর রহমান খানের ছেলে। সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পায়রা চৌধুরী বলেন, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও সংরক্ষণের অভিযোগের ভিত্তিতে শহরের আইয়ুব হিলটপ সুপার মার্কেটে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় বিভিন্ন মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়।