১৫ ভরি স্বর্ণালংকারসহ মালামাল লুট

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুরে এক শিক্ষকের বাসায় ঢুকে বিপুল পরিমাণ স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান মালামাল চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় রায়পুর থানায় লিখিত এজাহার করেছেন সবনম ফেরদৌস চৌধুরী (৫৪) নামের এক শিক্ষক। লিখিত এজাহার সূত্রে জানা যায়, রায়পুর উপজেলার ১০ নম্বর রায়পুর ইউনিয়নের দেবীপুর ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। গত ১১ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে কোনো একসময় চোরেরা বাসার দরজা-জানালা ভেঙে ঘরে প্রবেশ করে মালামাল নিয়ে যায় বলে অভিযোগ করেন সবনম ফেরদৌস চৌধুরী। অভিযোগে বলা হয়, চোরেরা একটি কাঠের ওয়ারড্রপের ভেতরে থাকা স্বর্ণালংকারের বাক্স ভেঙে বিভিন্ন ধরনের স্বর্ণালংকার নিয়ে যায়। এর মধ্যে প্রায় ১৫ ভরি স্বর্ণালংকারসহ বেশ কিছু মূল্যবান গহনা রয়েছে বলে অভিযোগকারীর দাবি। চুরি হওয়া স্বর্ণালংকারের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৫ লাখ ২৫ হাজার টাকা। এ ছাড়া বাসা থেকে নগদ ২০ হাজার টাকা, প্রায় ৫০ কেজি ওজনের রুপার তৈরি বিভিন্ন সামগ্রী এবং আরও কিছু মূল্যবান মালামাল চুরি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

সবনম ফেরদৌস চৌধুরী এজাহারে আরও উল্লেখ করেন, তার বাসার আশপাশে বিভিন্ন সময় মাদকসেবীদের আনাগোনা দেখা যায়। এ কারণে চুরির ঘটনায় স্থানীয় কোনো ব্যক্তি বা চোরচক্র জড়িত থাকতে পারে বলে তিনি সন্দেহ করছেন। তবে অভিযোগে সন্দেহজনকভাবে ৯ নাম উল্লেখ করেন তিনি। রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, এই ঘটনায় থানায় মামলা হয়েছে, আমরা আসামিদের ধরার জন্য অভিযান পরিচালনা করছি।