মাদক প্রতিরোধে তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

গত রোববার বিকালে রাজগঞ্জ ও জিরতলী ইউনিয়নে ও পৃথক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি বরকত উল্যাহ বুলু এমপি।

ফাইনাল খেলায় টাইব্রেকারে ৩-২ গোলে কবিরহাট একাদশ- রামগঞ্জ একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়েছে ।

প্রধান অতিথির বক্তব্যে বরকত উল্যাহ বুলু বলেন, মাদক, সন্ত্রাস, মব, ইয়াবা ও কিশোর গ্যাং প্রতিরোধে তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে এগিয়ে নেওয়ার উদ্যোগ নিয়ে ছিলেন। বেগম খালেদা জিয়ার সময় নারীদের খেলাধুলায় উৎসাহিত করতে নারীদের ভলিবল খেলা চালু করেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বলছেন, প্রতিটি ইউনিয়নে মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

আগামী পাঁচ বছরে দেশের উন্নয়নকে আরও এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। এর আগে বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়ন- বাংলা বাজার সড়কে বিশ্বব্যাংকের অর্থায়নে প্রায় ৭ কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করেন বরকত উল্যাহ বুলু এমপি। এ সময় তিনি বলেন, আগামী পাঁচ বছরে বেগমগঞ্জে এক হাজার কোটি টাকার বিভিন্ন উন্নয়ন কাজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

সড়ক নির্মাণকাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়ে তিনি বলেন, কাজের মান বা বাস্তবায়ন নিয়ে কোনো সমস্যা হলে সংশ্লিষ্ট ঠিকাদার অথবা এলজিইডি কর্মকর্তাদের জানাতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর প্রচার বা লাইভের কারণে প্রকল্পের অর্থায়ন বাধাগ্রস্ত হলে এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হবে বলেও তিনি মন্তব্য করেন। স্থানীয়দের দাবি, সড়কটির কাজ ২০১৯ সালে শুরু হওয়ার কথা থাকলেও নানা জটিলতায় তা দীর্ঘদিন বিলম্বিত হয়েছে। ফলে কয়েক বছর ধরে ভাঙাচোরা সড়ক দিয়ে চলাচলে দুর্ভোগ পোহাতে হয়েছে এলাকাবাসীকে।