দেবিদ্বারে মাদকবিরোধী সমাবেশ
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
‘দেবিদ্বারে হয় মাদক থাকবে, নয়তো থানা থাকবে। মাদকের সঙ্গে কোনো আপস নেই।’ কুমিল্লার দেবিদ্বারে মাদকবিরোধী র্যালি ও সমাবেশে এ হুঁশিয়ারি দিয়েছেন দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ শাহীন। গত রোববার বিকালে দেবিদ্বার থানা পুলিশের উদ্যোগে থানা সংলগ্ন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে মাদকবিরোধী র্যালি বের করা হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এএসপি মোহাম্মদ শাহীন আরও বলেন, মাদক নির্মূল করা বর্তমান সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ। সমাজে শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে হলে সবার আগে মাদক বন্ধ করতে হবে। মাদকের বিরুদ্ধে আজ থেকেই নয়, এখন থেকেই যুদ্ধ ঘোষণা করা হলো।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামানের সভাপতিত্বে এবং পরিদর্শক (তদন্ত) ইমাম হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা। আলোচনা সভা শেষে কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে একটি বর্ণাঢ্য মাদকবিরোধী র্যালি বের হয়। র্যালিটি দেবিদ্বার পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা ফটকের সামনে গিয়ে শেষ হয়।
