সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারে চেক বিতরণ

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার ও আহতদের চিকিৎসার জন্য ট্রাস্টি বোর্ডের ট্রাস্ট ফান্ড থেকে তিন কোটি ১৭ লাখ টাকার মঞ্জুরীকৃত অর্থ সহায়তার চেক হস্তান্তর করা হয়েছে। গত রোববার দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ কুষ্টিয়া সার্কেলের যৌথ আয়োজনে এ চেক বিতরণ করা হয়। বিআরটিএ কুষ্টিয়া সার্কেল সুত্রে জানা যায়, অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় ক্ষতি ৮৩ জন ব্যক্তি ও তাদের পরিবারের মধ্যে এ অর্থ সহায়তার চেক তুলে দেওয়া হয়।

এর মধ্যে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৫ ব্যক্তির পরিবারের অনুকূলে পরিবার প্রতি পাঁচ লাখ টাকা করে মোট দুই কোটি ৭৫ লাখ টাকা এবং আহত ২৮ জনের চিকিৎসার্থে মোট ৪২ লাখ টাকা আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়। নীতিমালার বিধান অনুযায়ী, দুর্ঘটনায় অঙ্গহানি বা গুরুতর আহতদের তিন লাখ টাকা এবং সামান্য আহতদের এক লাখ টাকা করে এই আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

কুষ্টিয়ার স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপসচিব) আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে এবং কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিআরটিএ সদর কার্যালয়ের (ঢাকা) পরিচালক (অপারেশন) ও যুগ্ম সচিব মমতাজ বেগম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ, খুলনা বিভাগীয় বিআরটিএ-এর উপ-পরিচালক (ইঞ্জিনিয়ার) তানভির আহমেদ, জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাজী রফিকুল ইসলাম এবং জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহবুব আলম।