প্রথম ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রাজশাহী ব্যুরো
রাজশাহী সিটি কর্পোরেশনে প্রথমবারের মতো রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীদের ইন্টার্নশিপ করার সুযোগ দেওয়া হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের উদ্যোগে রুয়েটের শিক্ষার্থীরা এ সুযোগ পেয়েছেন।
রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপ উপলক্ষে গতকাল সোমবার সকালে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিক প্রশাস মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, রুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. রবিউল ইসলাম সরকার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাসিকের সচিব সোহেল রানা। প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ সম্পদ। একাডেমিক জ্ঞান অর্জনের পাশাপাশি বাস্তব কর্মপরিবেশ সম্পর্কে ধারণা থাকা তাদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ লক্ষ্যেই রুয়েটের শিক্ষার্থীদের রাজশাহী সিটি কর্পোরেশনে ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হয়েছে। এর মাধ্যমে তারা সিটি কর্পোরেশনের কর্মপরিবেশ, প্রকৌশল কার্যক্রম ও নগর উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। ভবিষ্যতে মেধা, যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
রুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. রবিউল ইসলাম সরকার বলেন, আজকের দিনটি রুয়েট ও রাজশাহী সিটি কর্পোরেশন উভয়ের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আজ রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের শুভ সূচনা হলো। সুযোগ্য সিটি প্রশাসক মাহফুজুর রহমান রিটনের উদ্যোগেই এটি সম্ভব হয়েছে। এরআগে দায়িত্বে থাকা অনেকের সময় শিক্ষার্থীরা এ ধরনের সুযোগ পায়নি। আমি আশা করি, ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দেওয়ায় রাসিক প্রশাসককে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
ইন্টার্নশিপে অংশ নেওয়া শিক্ষার্থী আরাফ মাসুদ বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনে ইন্টার্নশিপের সুযোগ পাওয়ায় আমরা বাস্তব কর্মপরিবেশ সম্পর্কে জানতে পারব। এখান থেকে অর্জিত অভিজ্ঞতা ভবিষ্যৎ কর্মজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
উল্লেখ্য, রুয়েটের ১৮ জন শিক্ষার্থী রাজশাহী সিটি কর্পোরেশনে ইন্টার্নশিপের সুযোগ পেয়েছেন। ইন্টার্নশিপের মাধ্যমে তারা সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগসহ বিভিন্ন শাখার কার্যক্রম, নগর অবকাঠামো উন্নয়ন, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা, নগর পরিকল্পনা এবং বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ে অর্জিত তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব নগর উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করার সুযোগ পাবেন তারা। এর ফলে ভবিষ্যৎ কর্মজীবনে প্রবেশের আগে শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা, সমস্যা সমাধানের সক্ষমতা এবং বাস্তব কাজের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ হবে।
