সিংগাইরে মাদকবিরোধী বিক্ষোভ

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সিংগাইরে মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধ, মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং এলাকাবাসীকে হুমকি-ধমকির প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল সোমবার সিংগাইর উপজেলার সুদক্ষিরা দক্ষিণপাড়া যুব সমাজ ও এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে স্থানীয় রফিকুল ইসলাম রফু, ইউপি সদস্য আব্বাস উদ্দিন, মুহাম্মদ উল্লাহ, রিয়াদ হোসেন ও মনির হোসেনসহ অনেকে বক্তব্য দেন। বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের বিস্তার ঘটছে। বিভিন্ন ধরনের মাদক কেনাবেচা ও সরবরাহের কারণে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে এবং যুবসমাজের একটি অংশ মাদকের দিকে ঝুঁকে পড়ছে।

মাদক কারবারিদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকির মুখে পড়তে হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। পাশাপাশি মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদকের উৎস ও সরবরাহ বন্ধে কার্যকর অভিযান পরিচালনার আহ্বান জানান তারা। মানববন্ধন থেকে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, মাদক ব্যবসা বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা এবং মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।