গণঅধিকার নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
লংগদু (রাঙামাটি) প্রতিনিধি
রাঙামাটির লংগদু উপজেলায় চুক্তি অনুযায়ী ভাড়া নেওয়া বাসা ছেড়ে না দিয়ে উল্টো তা দখলের অভিযোগ উঠেছে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুস ছাত্তারের বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবারকে নানাভাবে হুমকি দেওয়ার প্রতিবাদে এবং বাড়ি ফিরে পেতে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
গত সোমবার লংগদু উপজেলা প্রেস ক্লাব হলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগী রিদয় ও তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী রিদয় জানান, ২০১৬ সালে তারা জমিটি ক্রয় করেন এবং ২০১৮ সালে একটি লিখিত চুক্তির মাধ্যমে প্রতি মাসে ১ হাজার টাকা ভাড়ায় বসতবাড়িটি আব্দুস ছাত্তারকে ভাড়া দেন। চুক্তি অনুযায়ী ২০২৪ সাল পর্যন্ত তিনি নিয়মিত ভাড়া পরিশোধ করলেও ২০২৫ সাল থেকে ভাড়া দেওয়া পুরোপুরি বন্ধ করে দেন। একপর্যায়ে তিনি বাসাটি খালি না করে উল্টো নিজের দাবি করে দখলের অপচেষ্টা চালাচ্ছেন। তিনি আরও অভিযোগ করেন, বাড়ি ছেড়ে দিতে বললে আব্দুস ছাত্তার রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে পরিবারটিকে বিভিন্নভাবে হুমকি-ধামকি দিচ্ছেন। বিষয়টি নিয়ে এর আগে থানা পুলিশ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিরা, ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসনের মাধ্যমে একাধিকবার সমাধানের চেষ্টা করা হলেও অভিযুক্ত ছাত্তার কোনো শালিস বা সিদ্ধান্ত মানতে রাজি হননি। সংবাদ সম্মেলন থেকে ভুক্তভোগী পরিবার গণমাধ্যমের মাধ্যমে সঠিক বিচার দাবি জানান। দ্রুত সময়ের মধ্যে অবৈধ দখলদারকে উচ্ছেদ করে নিজেদের বসতবাড়ি উদ্ধারে আইনশৃঙখলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
