টমটমের চাপায় শিশুর মৃত্যু

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  লালমোহন (ভোলা) প্রতিনিধি

ভোলার লালমোহনে স্কুল ছুটির পর বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় জিসান (৭) নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (১৮ আগষ্ট) দুপুরে উপজেলার লর্ডহাডিঞ্জ ইউনিয়ন ২নং ওয়ার্ড প্যায়ারীমোহনের বটতলা এলাকায় রায়চাঁদ টু লর্ডহাডিঞ্জ যাওয়ার সড়কে এ দুর্ঘটনা ঘটে। শিশু জিসান ওই এলাকার রুবেলের ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শিশু জিসান ওই এলাকার গঙ্গারাম দাস মন্দিরের পাঠশালায় শিশু শ্রেণিতে পড়ত। মন্দিরের ক্লাস শেষে ছুটি হওয়ার পর সে বাড়ি ফিরছিলো। রাস্তা পার হতে গিয়ে হঠাৎ একটি দ্রুতগামী ইঞ্জিলচালিত টমটমের নিচে পড়ে যায় জিসান। পরে এলাকাবাসী দ্রুত জিসানকে উদ্ধার করে পাশ্ববর্তী উপজেলা চরফ্যাশন হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে ডাক্তার জিসানকে মৃত ঘোষণা করেন।

লালমোহন থানার ওসি অলিউল ইসলাম বলেন, শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় এসে আইনগন ব্যবস্থা নিলে সর্বাত্মক সহযোগিতা করা হবে।