নাগরিকসেবা সম্প্রসারণে সরকার কাজ করছে
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সাভার প্রতিনিধি
গত ২০ বছরে দেশে কাঙ্ক্ষিত কোনো উন্নয়ন হয়নি- বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, ভঙ্গুর অর্থনীতির সময়ে বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে। নানা প্রতিকূলতার মধ্যেও উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন ও নাগরিক সেবা সম্প্রসারণে সরকার কাজ করছে।
গতকাল মঙ্গলবার সকালে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের ভাঙ্গা ব্রিজ এলাকায় মহাসড়কের সৌন্দর্যবর্ধন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকার বিভাগের পাঁচ ধরনের নির্বাচন আয়োজনের লক্ষ্য রয়েছে। সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের নির্বাচন এর আওতায় রয়েছে। এসব নির্বাচন আয়োজনের জন্য চলতি অর্থবছরে প্রায় ৬ হাজার কোটি টাকা বাজেট ধরা হয়েছে। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে সরকার বদ্ধপরিকর। নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে। কমিশনের প্রস্তুতি শেষ হলে কোন নির্বাচন আগে অনুষ্ঠিত হবে, তা নির্ধারণ করা হবে।
দেশের সামগ্রিক উন্নয়ন প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি দেশের বিভিন্ন এলাকার সৌন্দর্যবর্ধনেও গুরুত্ব দেওয়া হচ্ছে। ঢাকা-আরিচা মহাসড়কের ভাঙ্গা ব্রিজ এলাকার সৌন্দর্যবর্ধনের জন্য এখানকার দীর্ঘদিনের ময়লা-আবর্জনা পরিষ্কার করে সেখানে বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়েছে। পর্যায়ক্রমে দেশের যেসব স্থানে ময়লা-আবর্জনা রয়েছে, সেসব স্থান পরিষ্কার করে বৃক্ষরোপণ ও সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নেওয়া হবে। পরিদর্শনকালে ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
