দাউদকান্দি উপজেলা ও পৌর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
দাউদকান্দি উপজেলা বিএনপি ও দাউদকান্দি পৌর বিএনপির আহবায়ক কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কুমিল্লা উত্তর জেলা বিএনপি। গতকাল সোমবার রাতে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশেম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সুষ্ঠু ও নিরপেক্ষ সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের জন্য দাউদকান্দি উপজেলা বিএনপি ও দাউদকান্দি পৌর বিএনপির আহবায়ক কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এতে আরো বলা হয়, দাউদকান্দি উপজেলা ও দাউদকান্দি পৌরসভা বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ও জনগণের অভিভাবক, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে আলোচনা করে নতুন কমিটি গঠনের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। কুমিল্লা উত্তর জেলা বিএনপির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তির অনুলিপি কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন এবং কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য ও বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার নিকট অনুলিপি পাঠানো হয়েছে।
