ডকইয়ার্ড পরিদর্শনে বিআইডব্লিউটিসি চেয়ারম্যান

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দেশের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর ও সিদ্ধিরগঞ্জে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) বিভিন্ন ডকইয়ার্ড ও সম্পত্তি পরিদর্শন করেছেন বিআইডব্লিউটিসির চেয়ারম্যান এটিএম আব্দুল বারী ড্যানী।

গতকাল বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত তিনি নারায়ণগঞ্জ শহরের কালীবাজারস্থ বিআইডব্লিউটিসির কর্পোরেট অফিস, নিতাইগঞ্জ ডালপট্টি অফিস, সৈয়দপুর কয়লাঘাট ব্রিজসংলগ্ন স্থান, হাজীগঞ্জ এম সার্কাস-সংলগ্ন এসিআই ডকইয়ার্ড এবং সিদ্ধিরগঞ্জের বার্মাস্ট্যান্ড পদ্মা ডিপোসংলগ্ন বিভিন্ন জায়গা পরিদর্শন করেন।

এসময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং ডকইয়ার্ড ও সম্পত্তিগুলোর সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। পরে তিনি বিভিন্ন ফুল, ফল ও ওষুধি চারাগাছ রোপণ করেন।

পরিদর্শনকালে বিআইডব্লিউটিসির চেয়ারম্যান বিভিন্ন ডকইয়ার্ডের বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে অবগত হন। তিনি সমস্যাগুলো নোট করে দ্রুত আধুনিকায়নের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

এছাড়া বিআইডব্লিউটিসির নিজস্ব সম্পত্তি বেদখলমুক্ত করা, সম্পত্তির সঠিক রক্ষণাবেক্ষণ এবং সংস্থার কার্যক্রম আরও গতিশীল করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, বিআইডব্লিউটিসির নির্বাহী প্রকৌশলী ও উপ-প্রকল্প পরিচালক খন্দকার আবুল আহসান (শাওন). ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাবু, কমার্শিয়াল ডিরেক্টর আশিকুজ্জামান, এসআরএস প্রধান স্বদেশ প্রসাদ মণ্ডল, নারায়ণগঞ্জ মহানগর ছাদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রাসেলসহ বিআইডব্লিউটিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা।