পাঁচ বছরের শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

আশুলিয়ার ভাদাইল পশ্চিমপাড়া এলাকায় আব্দুর রহমান (৫) নামে এক শিশুর হাত-পা ও মুখে কস্টেপ পেঁচানো বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার সন্ধ্যায় ভাদাইল পশ্চিমপাড়া এলাকার হারুনুর রশিদের মালিকানা থ্রি সিস্টার্স ভিলার তিন তলার ছাদের উপর থেকে এই লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আব্দুর রহমান জামালপুরের মেলান্দহ এলাকার শহিদের ছেলে। তারা ভাদাইল এলাকায় হারুনুর রশিদের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। নিহতের বাবা জানান, দুপুর সাড়ে তিনটা থেকে ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছিলনা, পরে বিভিন্ন যায়গায় খোঁজাখুঁজির এক পর্যায়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খবর পাই বাসার ছাদে রহমানের বস্তা বন্দী লাশ পাওয়া গেছে। পরে ছাদে গিয়ে দেখি আমার ছেলের হাত পা বাঁধা , মুখে চাল শপিং ব্যাগ গুজা এবং গলায় লাল রঙের কস্টেপ পেচানো অবস্থায় বস্তার ভিতরে তার নিথর দেহ পরে আছে।

বাড়ির মালিকের স্ত্রী রিনা বেগম জানান, আমি ছাদে কিছু হাস পালি, বিকালে তাদের খাবার দিতে যাই তখন ছাদে রাখা নেটের স্তুপের পাশে একটা বড় বস্তা দেখতে পাই, পরে আমার সন্দেহ হয় দেখে আমি চিল্লাপাল্লা করলে নিচ থেকে সবাই ছাদে আসে বস্তার মুখ খুলতেই রহমানের লাশ দেখতে পাই, এক পর্যায়ে আমি জ্ঞান হারাই পরে আর কিছু বলতে পারিনা। আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে সাইফুল নামে ওই বাড়ির একজন ভাড়াটিয়াকে প্রথমে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।