বজ্রপাতে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু
প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার আটপাড়ায় গরুর জন্য কচুরিপানা আনতে গিয়ে বজ্রপাতে নাঈম মিয়া (১৬) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার লুনেশ্বর ইউনিয়নের মল্লিকনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাঈম ওই গ্রামের আলামিন মিয়ার ছেলে। তিনি ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে ফলাফলের অপেক্ষায় ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির সামনের বিল থেকে নৌকায় করে গরুর জন্য কচুরিপানা আনতে যান নাঈম। এ সময় বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে সে বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা যান বলে জানিয়েছেন স্থানীয়রা। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় তার বাবা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বিলের মধ্যে নাঈমকে পড়ে থাকতে দেখে বাড়িতে নিয়ে আসেন।
নাঈমের প্রতিবেশী কোরায়শী তালুকদার বলেন, গতকাল সকালে নৌকা নিয়ে বাড়ির সামনের বিলে কচুরিপানা আনতে গিয়ে বজ্রপাতে নাঈমের মৃত্যু হয়। অনেকক্ষণ বাড়িতে না ফেরায় তার বাবা খুঁজতে গিয়ে ছেলেকে মৃত অবস্থায় দেখতে পান।
আটপাড়া থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার চক্রবর্তী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।
