সিরাজগঞ্জে ট্রাফিক পুলিশ বিভাগে রেকর্ড পরিমাণ রাজস্ব আদায়
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে ট্রাফিক পুলিশ বিভাগ প্রায় ২ কোটি টাকা জরিমানা আদায় করেছে। ট্রাফিক আইন অমান্য ও কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় যানবাহনের মালিক, শ্রমিকদের কাছ থেকে গত ৭ মাসে এ জরিমানা করা হয়। এরমধ্যেই এ টাকা সরকারের রাজস্ব খাতে জমা দেয়া হয়েছে। সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন ও প্রসিকিউশন) মো. মোফাকখারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চলতি বছরের জানুয়ারী থেকে জুলাই পর্যন্ত জেলা ট্রাফিক পুলিশ সড়ক পথে বিভিন্ন অপরাধে ৩ হাজার ২১টি মামলা করা হয়। এসব মামলায় সরকারের রাজস্ব আদায় হয়েছে ১ কোটি ৮০ লাখ ৩১ হাজার ৯৭৫ টাকা। এ রাজস্ব আদায়ে ট্রাফিক পুলিশ প্রশংসিত হয়েছে। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, প্রচন্ড গরমে সড়ক ও মহাসড়কে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করতে হয়। এ অসহ্য গরমেও প্রায় দিনরাত কাজ করছি এবং সড়কের বিশৃঙ্খলা নিয়ন্ত্রন করতে হচ্ছে। এতে বিভিন্ন যানবাহনের যাত্রী সাধারণ স্বস্তিতে বাড়ি ফিরছে।
