২০ কেজি ওজনের কাতল ৪৬ হাজার টাকায় বিক্রি
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে ২০ কেজি ওজনের একটি কাতল মাছ ৪৬ হাজার টাকায় বিক্রি হয়েছে। গতকাল শনিবার কাতলটি বিক্রি করেন স্থানীয় মাছ ব্যবসায়ী শাজাহান শেখ। এর আগে ওই দিন ভোরে মানিকগঞ্জের জাফরগঞ্জ এলাকায় যমুনা নদীতে বিশাল আকারের ওই কাতল মাছটি ধরা পড়ে গোপাল হালদার নামের এক জেলের জালে।
দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলে গোপাল হালদারের কাছ থেকে দুই হাজার ২০০ টাকা কেজি দরে আধা মন ওজনের ওই কাতল মাছটি আমি কিনে নেই। পরে অনলাইনে যোগাযোগ করে কেজিপ্রতি ১০০ টাকা লাভ রেখে চট্টগ্রাম মহানগর এলাকার সিঙ্গাপুরপ্রবাসী এক ব্যক্তির কাছে কাতলটি আমি ৪৬ হাজার টাকায় বিক্রি করেছি।
