ডিজিটাল ভূমি বিষয়ে কর্মশালা

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ঝালকাঠি প্রতিনিধি

‘মৌজা ও প্লট ভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং’ বিষয়ে ঝালকাঠিতে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এমদাদুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন প্রকল্প পরিচালক ও যুগ্মসচিব মোহাম্মদ জহিরুল ইসলাম। কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মমিন উদ্দিন।

ভূমি মন্ত্রণালয়ের ‘মৌজা ও প্লট ভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং প্রকল্প’-এর আয়োজনে জেলা প্রশাসনের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় মৌজা ও প্লটভিত্তিক ডিজিটাল ভূমি জোনিংয়ের বিভিন্ন দিক তুলে ধরা হয়। প্রকল্পটির মাধ্যমে জমির ব্যবহার অনুযায়ী কৃষি, আবাসিক, বনাঞ্চল, জলমহাল, রাস্তাঘাট, শিল্পাঞ্চলসহ বিভিন্ন শ্রেণির ভূমি চিহ্নিত করে ডিজিটাল মানচিত্র ও তথ্যভান্ডার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।