ঈশ্বরগঞ্জে কবিতা উৎসব
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

কখনও কবিতার ছন্দ, কখনও আবৃত্তির মূর্ছনা-সাহিত্যপ্রেমীদের মিলনমেলায় প্রাণের উচ্ছ্বাসে মুখর হয়ে উঠেছিল ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘হাজার কবির কবিতা উৎসব’ ও জহিরুল সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠান। গতকাল শনিবার ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে হাজার কবির কবিতা সাহিত্য পরিষদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কবি-সাহিত্যিক ও সাহিত্যপ্রেমীদের মিলন ঘটে। কবিতা ও সাহিত্যের নানা বিষয় নিয়ে প্রাণবন্ত আলোচনায় জমে ওঠে পুরো আয়োজন।
হাজার কবির কবিতা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা কবি জহিরুল ইসলামের সভাপতিত্বে এবং কবি আমজাদ শ্রাবণ ও সাবরিনা জামান নৈঋতার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্যসচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসনিক কর্মকর্তা শাহজাহান ফকির, ঈশ্বরগঞ্জ উপজেলা সুজনের সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, সম্পাদক নীলকণ্ঠ আইচ মজুমদার, কবি জিতেন্দ্র লাল বড়–য়া, কবি এবিএম মিজানুর রহমানসহ বিশিষ্ট কবি-সাহিত্যিকরা। বক্তারা বলেন, সমাজে মানবিকতা, অসাম্প্রদায়িক চেতনা ও মূল্যবোধ জাগ্রত করতে সাহিত্য ও কবিতার ভূমিকা অপরিসীম। তরুণ প্রজন্মকে বই ও সাহিত্যচর্চায় সম্পৃক্ত করার মধ্য দিয়ে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব। অনুষ্ঠানের শেষপর্বে সাহিত্যচর্চায় অবদানের স্বীকৃতিস্বরূপ ২০ জনকে উত্তরীয়, মেডেল ও সনদপত্র প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেওয়ার মধ্য দিয়ে শেষ হয় প্রাণবন্ত এ সাহিত্য আয়োজন।
