ময়মনসিংহে ফায়ার সার্ভিসের মহড়া

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ অঞ্চলে সম্ভাব্য শক্তিশালী ভূমিকম্পের মতো দুর্যোগের সময় প্রচলিত যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হলে বিকল্প ও টেকসই জরুরি যোগাযোগ ব্যবস্থা কীভাবে কার্যকর রাখা যায়- এ বিষয়ে এক্সারসাইজ ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার ময়মনসিংহ নগরীর সার্কিট হাউজ মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়। এ্যামেচার রেডিও এসোসিয়েশন অব বাংলাদেশ (অজঅই)-এর কারিগরি সহযোগিতায় এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ময়মনসিংহ বিভাগের ‘দি লাইফ সেভিং ফোর্স’-এর বাস্তবায়নে এ কর্মসূচির আয়োজন করা হয়। মহড়ায় ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতিতে মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেটসহ প্রচলিত যোগাযোগ ব্যবস্থা অকার্যকর বা সীমিত হয়ে পড়লে জরুরি তথ্য আদান-প্রদান, উদ্ধার কার্যক্রমের সমন্বয় এবং বিভিন্ন ইউনিটের মধ্যে যোগাযোগ কীভাবে অব্যাহত রাখা যায়, তার বাস্তবভিত্তিক অনুশীলন প্রদর্শন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. জানে আলম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী, পিএফএম।মহড়া বাস্তবায়নে নেতৃত্ব দেন উপ-সহকারী পরিচালক মো. মোফাজ্জল হোসেন, পিএফএম। এছাড়া ফোরম্যান মো. মিরাজুল ইসলাম, সিনিয়র স্টেশন অফিসার মুহাম্মদ ছানোয়ার হোসেন, ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. আব্দুল মালেক, ও মো. কবিরুল আলম, স্টেশন অফিসার মো. জুলহাস উদ্দিন ও মো. হাবিজুর রহমান এবং সহকারী যোগাযোগ প্রকৌশলী মো. মিজানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

মহড়ায় দুর্যোগের সময় দ্রুত যোগাযোগ স্থাপন, প্রয়োজনীয় বার্তা প্রেরণ ও গ্রহণ, উদ্ধারকারী দলগুলোর মধ্যে সমন্বয় এবং জরুরি পরিস্থিতিতে যোগাযোগের ধারাবাহিকতা বজায় রাখার বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়।