বাল্যবিয়ে রোধে উখিয়ায় সমন্বিত উদ্যোগ

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

উখিয়ার কোনো গ্রামে বাল্যবিয়ের খবর পেলেই স্থানীয় তরুণ, শিশু ফোরাম, গ্রাম উন্নয়ন সোসাইটি ও বাল্যবিয়ে প্রতিরোধ কমিটির সদস্যরা সক্রিয় হন। বয়স যাচাইয়ে জন্মনিবন্ধন দেখা, সম্ভাব্য বাল্যবিয়ের খবর প্রশাসনকে জানানো এবং স্কুলপড়–য়া মেয়েদের বিয়ের চাপ দেওয়া হচ্ছে কি না, তা নজরদারি করা হচ্ছে। শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, পরিবারকে অর্থনৈতিক সহায়তা, প্রশাসনিক নজরদারি, আইন প্রয়োগ ও স্থানীয় মানুষের অংশগ্রহণে উখিয়ায় বাল্যবিয়ে প্রতিরোধে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। উখিয়ার পাঁচ ইউনিয়নে এসব কার্যক্রম বাস্তবায়ন করছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদ, ধর্মীয় নেতা, শিক্ষক, অভিভাবক, শিশু-কিশোর, যুব, গণমাধ্যমকর্মী ও বেসরকারি সংস্থাগুলোও এতে যুক্ত হয়েছে।

গতকাল রোববার সকালে উপজেলা প্রশাসন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত বাল্যবিয়ে প্রতিরোধবিষয়ক সুধী সমাবেশে উখিয়াকে শতভাগ বাল্যবিয়েমুক্ত উপজেলা করার ঘোষণা দেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার। শাহজাহান চৌধুরী বলেন, উখিয়াকে শতভাগ বাল্যবিবাহমুক্ত করতে হবে। নারীদের সুরক্ষা ও নিরাপদে স্কুলে যাওয়া নিশ্চিত করতে হবে। তিনি ইমামদের জুমার খুতবায় বাল্যবিবাহবিরোধী বক্তব্য দেওয়া এবং সাংবাদিক ও রাজনৈতিক নেতাদের এ বিষয়ে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। ইউএনও পান্না আক্তার বলেন, বাল্যবিবাহকে না বলুন; কন্যাশিশুকে সম্পদে পরিণত করুন। তিনি বাল্যবিবাহ প্রতিরোধে সংশ্লিষ্ট কমিটি ও অংশীজনদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

তবে উখিয়ায় বাল্যবিবাহের বাস্তবতা এখনো পুরোপুরি বদলায়নি। ২০২৫ সালের জরিপ অনুযায়ী, উপজেলায় ১৮ বছরের আগে মেয়েশিশুদের বিয়ের হার ছিল ৬০ দশমিক ১ শতাংশ। জাতীয় পর্যায়ে এ হার ৫২ দশমিক ২ শতাংশ। কোভিড-১৯ সময়ে কোস্ট ফাউন্ডেশনের এক জরিপে উখিয়ায় এ হার ৭৫ শতাংশ পাওয়া গিয়েছিল।