‘নন্দিনী’ হত্যায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের বহুল আলোচিত শিশু নন্দিনী (৭) হত্যা মামলার রায়ে প্রধান আসামির মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হায়দার আলী এ রায় ঘোষণা করেন।? আদালত সূত্রে জানা যায়, মামলার প্রধান আসামি বিধান চন্দ্র রায়কে দণ্ডবিধির ৩০২ ধারায় মৃত্যুদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে অপরাধ গোপন ও লাশ গুমের চেষ্টার দায়ে তাকে আরও ৩ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া অপরাধে সহায়তার দায়ে প্রধান আসামির বাবা রনজিৎ কুমার ও মা মমতা রানীকে ৫ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন বিচারক।

??পুলিশ ও আদালত সূত্র জানায়, চলতি বছরের ১৫ জুন আদিতমারীর ফলিমারী গ্রামে শিশু নন্দিনী নিখোঁজ হয়। এর পরদিন ১৬ জুন বাড়ির পাশের একটি ভুট্টা খেত থেকে তার বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। চাঞ্চল্যকর এ ঘটনার পর নিহতের বাবা নলিনী মোহন বাদী হয়ে আদিতমারী থানায় হত্যা মামলা করেন। দ্রুততম সময়ে তদন্ত শেষ করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। পরবর্তীতে আদালতে নিজের অপরাধ স্বীকার করেন প্রধান আসামি বিধান চন্দ্র। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও আইনি প্রক্রিয়া শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আদালত চত্বরে জোরদার ও কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সন্তোষ প্রকাশ করেছেন নিহত নন্দিনীর বাবা-মা। দ্রুত এই রায় কার্যকর করার দাবি জানিয়েছেন তারা।