মাদক মামলায় দুই নারীর যাবজ্জীবন

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া সদর মডেল থানায় নিজ হেফাজতে নিষিদ্ধ মাদকদ্রব্য রাখার অভিযোগে করা মাদক মামলায় ২ নারী মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের রায় দিয়েছেন আদালত। গতকাল রোববার কুষ্টিয়ার অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক নাদিরা সুলতানা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ এর ১৯(১) ধারায় এ রায় প্রদান করেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন-কুষ্টিয়া শহরতলীর চৌড়হাস ফুলতলা এলাকার আজাদুর রহমানের স্ত্রী কামিনী বেগম এবং একই এলাকার আনিসুর রহমানের স্ত্রী রহিমা খাতুন। মামলা এজাহার সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৬ অক্টোবর সকালে প্রকাশ্যে মাদকদ্রব্য বেচা-কেনা হচ্ছে মর্মে গোপন সূত্রে সংবাদ পেয়ে কুষ্টিয়া সদর মডেল থানার এস আই তারেক ফয়সাল ইবনে আজিজ সঙ্গীয় ফোর্স নিয়ে কুষ্টিয়া শহরতলীর চৌড়হাস ফুলতলা এলাকার আজাদুর রহমানের বাড়িতে অভিযান চালায়। এসময় আসামীদের বাড়ির সামনে পৌঁছানো মাত্রই পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা ঘটনাস্থল থেকে দৌড়ে পালানোর চেষ্টা করলে সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাদেরকে আটক করা হয়।

সাক্ষীদের সামনে তাদেরকে তল্লাশি করে কামিনী বেগমের বসত ঘরের এক রুমে পশ্চিম কোনায় একটি চটের ব্যাগে রক্ষিত ১১০ বোতল ফেনসিডিল এবং একটি সবুজ পলিথিনে ভরা ১০ পিচ ইয়াবা ট্যাবলেট এবং মাদকদ্রব্য বিক্রয়ের নগদ টাকা উদ্ধার করা হয়। অপর দিকে রহিমার বসত ঘরের পূর্ব কোনার রুমে চালের ড্রামের পাশে একটি সাদা প্লাস্টিকের ব্যাগে ৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে থানায় আনা হয়। এ ঘটনায় মামলা করা হয়।