রায়পুরায় ২২৪ কেজি গাঁজা ও বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ৩

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় পুলিশের যৌথ অভিযানে ২২৪ কেজি গাঁজা, যুক্তরাষ্ট্রের তৈরি একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় জামাল নামে এক আসামিসহ আরও কয়েকজন পালিয়ে গেছে। অভিযানে দুটি প্রাইভেটকার, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) টিএম ফরিদুল আলম।

এর আগে রোববার রাতে উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের রতনপুর এলাকায় একটি গাড়ির গ্যারেজে অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উত্তর বাখরনগর গ্রামের লোকমান মিয়ার ছেলে মারুফ মিয়া (২২), রতনপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ইয়াছিন মিয়া (২৩) এবং শিবপুর উপজেলার জয়নগরের জিতেন্দ্র সরকারের ছেলে দীপক সরকার (৪৬)। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মারুফ মিয়ার বিরুদ্ধে হত্যা সংঘটিত ডাকাতি, ছিনতাই, অপরাধের আলামত গোপন এবং মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। এছাড়া পলাতক জামাল মিয়ার বিরুদ্ধে ২০১৮ সালে দায়ের হওয়া তিনটি মাদক মামলার তথ্য পাওয়া গেছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে রতনপুর এলাকায় পলাতক জামাল মিয়ার গ্যারেজে অভিযান চালায় রায়পুরা থানা পুলিশ, এপিবিএন ও আরআরএফের সদস্যরা। এ সময় গাঁজা ভর্তি ১৪টি বস্তা থেকে ২২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।