শিশু আবিরের লাশ উদ্ধার
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের শিবচরে মাকে ধর্ষন শেষে হত্যা করে নদীতে ফেলে দেয়ার ৫ দিন পর ১ বছরের শিশু আবিরের লাশ আড়িয়াল খা নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, গতকাল সোমবার সকালে উপজেলার নিলখী এলাকার মন্নান হাজীর মোড় সংলগ্ন মাদ্রাসা ঘাটে আড়িয়াল খাঁ নদে শিশুটির লাশ ভাসতে দেখে স্থানীয়রা শিবচর থানা পুলিশকে খবর দেয়। পরে শিবচর থানা পুলিশ ও নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল শেষে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করে। বিষয়টি নিশ্চিত করেছেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন। উল্লেখ্য, গত ১৯ আগস্ট ২০২৬, সকালে জেলার শিবচরের মাদবরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকায় জমির ঝোপের পাশে এক অজ্ঞাত নারীর লাশ পড়ে থাকার খবর পায় পুলিশ। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পরিচয় শনাক্ত করে। শনাক্তকৃত ওই নারীর নাম শাম্পা খাতুন (২৮)। তিনি নাটোর জেলার লালপুর থানার বেরিলাবাড়ি পোস্টের আট্রিকা গ্রামের ছামরুল ইসলামের মেয়ে। ৩ বছর আগে মাদারীপুর জেলার বড় মেহের এলাকার মো. শাহাবুদ্দিন হাওলাদারের সাথে তার মেয়ে শাম্পা খাতুনের বিয়ে হয়।
