স্বামীর যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর বালিয়াকান্দিতে স্বামীর করা যৌতুক নিরোধ আইনের মামলায় মোছা. তানিয়া খাতুন নামে এক নার্সকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

গতকাল মঙ্গলবার বালিয়াকান্দি আমলি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন তানিয়া খাতুন। শুনানি শেষে বিচারক আরিফ হোসেন তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী গোলাম মোস্তফা। তানিয়া খাতুন, বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের খালকুলা গ্রামের মোহন মল্লিকের মেয়ে এবং রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর গ্রামের মো. সাখাওয়াত হোসেনের স্ত্রী। তিনি ঢাকার রিলায়েন্স জেনারেল অ্যান্ড রেনাল হাসপাতালে কর্মরত ছিলেন।

মামলা সূত্রে জানা যায়, রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর গ্রামের মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের খালকুলা গ্রামের মোহন মল্লিকের মেয়ে তানিয়া খাতুনের। বিয়ের পর তানিয়া খাতুন স্বামীর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করেন। টাকা না দিলে সংসার করবেন না বলে একপর্যায়ে বাবার বাড়িতে চলে যান তিনি। পরে পরিবার ও স্থানীয়ভাবে একাধিকবার বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও সমাধান হয়নি। এরপর সাখাওয়াত হোসেন ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় বালিয়াকান্দি আমলি আদালতে মামলা করেন। মামলাটি সি.আর. মামলা নং-৪০/২৬ হিসেবে নথিভুক্ত রয়েছে। বাদী সাখাওয়াত হোসেনের অভিযোগ, যৌতুকের দাবিতে তিনি মানসিকভাবে নির্যাতনের শিকার হয়েছেন। পারিবারিক ও সামাজিকভাবে বিষয়টি সমাধানের চেষ্টা ব্যর্থ হওয়ার পর তিনি আইনের আশ্রয় নিয়েছেন। বাদীপক্ষের আইনজীবী গোলাম মোস্তফা জানান, মামলার তদন্ত শেষে তানিয়া খাতুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। পরে তিনি আদালতে হাজির হয়ে সংসার করার শর্তে জামিন নেন। পরবর্তীতে লিগ্যাল এইডসহ বিভিন্ন মাধ্যমে আপস-মীমাংসার চেষ্টা করা হলেও তা কার্যকর হয়নি। মঙ্গলবার আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে মামলায় করা অভিযোগের বিষয়ে আসামিপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।