নৌকাডুবিতে নিউজিল্যান্ডের তিন নাগরিক উদ্ধার, কিশোর নিখোঁজ

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কক্সবাজার অফিস

বঙ্গোপসাগরের কক্সবাজার সদরের নাজিরারটেক মোহনায় নিজস্বভাবে তৈরি নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের আরও ৩ নাগরিক তিনজনকে জীবিত উদ্ধার করেছেন স্থানীয় জেলেরা। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন, কক্সবাজার সদর থানার ওসি শেখ মোহাম্মদ আলী।

নিখোঁজ কিশোরের নাম আলবার্ট (১৬)। উদ্ধার হওয়া তিনজন হলেন- জন এডওয়ার্ড (৭৪), বেলা (৩৬) ও রালফ (১৩)। তারা সবাই নিউজিল্যান্ডের নাগরিক।

কক্সবাজার সদর থানার ওসি মোহাম্মদ আলী জানান, চারজন নিজস্বভাবে তৈরি নৌকা করে নাজিরারটেক মোহনা এলাকায় ভ্রমণ করছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে দুর্ঘটনাবশত তাদের নৌকাটি ডুবে যায়। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় জেলেরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে জন এডওয়ার্ড, বেলা ও রালফকে জীবিত উদ্ধার করেন। পরে তাদের কোস্টগার্ড কক্সবাজারের কাছে হস্তান্তর করা হয়। তবে আলবার্টকে এখনো খুঁজে পাওয়া যায়নি। তার সন্ধানে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করছে। কক্সবাজার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার দোলন আচার্য্য বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই তাদের একটি বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে। নিখোঁজ শিশুটির সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে সন্ধ্যায় নৌ বাহিনীর পক্ষে পাঠানো এক ক্ষুব্দে বার্তা জানানো হয়েছে, নাজিরাটেক মোহনায় নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যের মধ্যে ৩ জন উদ্ধার; নিখোঁজ ১ জনের অনুসন্ধান ও উদ্ধারে মোতায়েন করা হয়েছে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ শাপলা ও দ্রুতগামী বোট।