ফরিদপুরের ৯ উপজেলায় পূর্ণাঙ্গ কমিটি গঠনে মাঠে বিজেপি

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে সাংগঠনিক কার্যক্রম জোরদারে মাঠে নেমেছে বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি। জেলার ৯টি উপজেলায় পূর্ণাঙ্গ কমিটি গঠন, পৌর কমিটির অনুমোদন এবং পর্যায়ক্রমে ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক কাঠামো বিস্তারের উদ্যোগ নিয়েছে দলটির জেলা শাখা। এরইমধ্যে চারটি উপজেলায় আংশিক কমিটি থাকলেও বাকি উপজেলাগুলোতে পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। দলটির নেতারা বলছেন, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সক্রিয় করে সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। এরই অংশ হিসেবে উপজেলা পর্যায়ের কমিটি গঠনের পর ধাপে ধাপে ইউনিয়ন পর্যায়েও কমিটি গঠন করা হবে।

সম্প্রতি বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পাওয়ায় ফরিদপুর জেলা বিজেপির নেতাকর্মীদের মধ্যে নতুন করে সাংগঠনিক তৎপরতা দেখা দিয়েছে। গত বুধবার (২৬ আগস্ট) রাজধানীর বারিধারায় দলের চেয়ারম্যানের কার্যালয়ে গিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান ফরিদপুর জেলা বিজেপির সাধারণ সম্পাদক শাহরিয়ার আহমেদ অভি। শুভেচ্ছা বিনিময়কালে শাহরিয়ার আহমেদ অভি নতুন দায়িত্বে আন্দালিভ রহমান পার্থের সাফল্য কামনা করেন। একই সঙ্গে তাঁর নেতৃত্বে দেশের তথ্য ও সম্প্রচার খাত আরও গতিশীল, স্বচ্ছ ও আধুনিক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। শাহরিয়ার আহমেদ অভি বলেন, ‘ফরিদপুর জেলা বিজেপির ৫১ সদস্যবিশিষ্ট কমিটি রয়েছে। বর্তমানে চারটি উপজেলায় আংশিক কমিটি আছে। এখন আমরা জেলার নয়টি উপজেলাতেই পূর্ণাঙ্গ কমিটি গঠনের কার্যক্রম শুরু করেছি। পৌর কমিটিও প্রস্তুত রয়েছে। আগামী মাসে সেটির অনুমোদন দেওয়া হবে। এরপর পর্যায়ক্রমে ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন করা হবে।

তিনি বলেন, বিজেপির চেয়ারম্যান ও মাননীয় তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থের দিকনির্দেশনায় আমরা এ কার্যক্রম এগিয়ে নিচ্ছি।