চিনিশিল্পসহ সকল উৎপাদনমুখী কারখানা চালু রাখতে সরকার বদ্ধপরিকর

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি

বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশনের চেয়ারম্যান শামসুজ্জামান সুরুজ বলেছেন, চিনিশিল্পসহ সকল উৎপাদনমুখী কারখানা চালু রাখতে সরকার কাজ করছে। চিনিশিল্পকে আধুনিকীকরণ করতে নতুন কর্মসংস্থানের পাশাপাশি নতুন নতুন যন্ত্র, মেশিনপত্র ক্রয়ের প্রক্রিয়া চলছে। দক্ষ শ্রমিক-কর্মচারীদের অভাব পূরণ করতে নতুন নিয়োগ দিয়ে তাদেরকে দক্ষ করে তুলতে হবে। আখচাষিদের ভর্তুকি খুব শিগগিরই পাবে, সেভাবেই কাজ সম্পন্ন হয়েছে। আশা করি রোপণ মৌসুম শুরুর আগেই আখচাষিদের ভর্তুকির টাকা চাষিরা হাতে পাবে। তিনি গতকাল শুক্রবার মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের অতিথি ভবনে চিনিকলের কর্মকর্তা, আখচাষি, শ্রমজীবী ইউনিয়নের নেতৃবৃন্দের সঙ্গে পৃথক পৃথক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন। চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ তারেক ফরহাদের সভাপতিত্বে পৃথক আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশনের সচিব মোহাম্মদ মুজিবুর রহমান। মতবিনিময় সভায় চিনিকলের মহাব্যবস্থাপক (প্রশাসন) রেজাউল করিম, মহাব্যস্থাপক (অর্থ) খোন্দকার আলমগীর হোসেন, মহাব্যবস্থাপক (কারখানা) পুলক কুমার সরকার, মহাব্যবস্থাপক (কৃষি) মো. হেদায়েতউল্লাহ, চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, আখচাষি কল্যাণ সংস্থার সভাপতি মো. শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রেজাউল করিম ঝটুসহ চিনিকলের কর্মকর্তা, কর্মচারী, শ্রমজীবী ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ,আখচাষি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।